কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হল খুলল ৭ দিন পর
নিউজ ডেস্কঃ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার ৭ দিন পর আজ খুলে দেয়া হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হল। পূর্ব ঘোষনা অনুযায়ী আজ দুপুর ১২ টায় হল গুলো খুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং হলের প্রভোস্টগন। এসময় আবাসিক ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র যাচাই বাছাই করে দেখা হয়।
আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কাজ চালু থাকলেও ১০ থেকে ১৭ অক্টোবরের পরীক্ষা স্থগিত থাকবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়েল প্রক্টর কাজী ওমর সিদ্দিক জানান, ছাত্রলীগের দ্বন্দের কারনে কুমিল্লা বিশ^বিদ্যালয়ের হল বন্ধ এবং পরীক্ষা স্থগিত করা হয়। প্রশাসনিক সিদ্ধান্তে আবারো হল খুলে দেয়া হলো। তবে আগামীতে যেন কোন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী না হয় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সচেষ্ট আছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়েল ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনার একটি চিঠি প্রকাশ হওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়ায়। ক্যাম্পাসে বহিরাগতদের শোডাউন, ককটেল ও গুলির অভিযোগ করে ছাত্রলীগের উভয় পক্ষ। পরে এই ঘটনায় হল বন্ধ ও পরীক্ষা স্থগিত করা হয়।










