নিউজ ডেস্ক: আজ সৌদি আরবে ৯ অক্টোবর ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির রবিউস সানি মাসের চতুর্থ জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।
মসজিদে হারাম
আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বখ্যাত কারি ও আলেম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। আব্দুর রহমান আস-সুদাইস ইসলামের দুটি পবিত্র মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববির দ্বীনি প্রেসিডেন্সির প্রধান এবং মসজিদে হারামের ইমাম ও খতিব।
জুমার জামাতের শেষ বৈঠক পেলে কি জুমা হবে?
১৯৬০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে তিনি জন্মগ্রহণ করেন। ১২ বছর বয়সে তিনি কোরআন মুখস্থ করেন। ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক শেষ করেন, ১৯৮৭ সালে মাস্টার্স শেষ করেন ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৯৫ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামী শরিয়ায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
রিয়াদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। তারপর তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হন। ১৯৮৪ সালে মাত্র ২৪ বছর বয়সে তাকে যখন কাবার ইমাম মনোনীত করা হয়। ২০১২ সালে তাকে মসজিদে হারাম ও মসজিদে নববির দীনি প্রেসিডেন্সির প্রধান হিসেবে নিযুক্ত করা হয় যা সৌদি আরবে সরকারের একজন মন্ত্রীর সমমর্যাদার পদ।
মসজিদে নববি
আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ ড. খালিদ ইবনে সুলাইমান ইবনে আবদুল্লাহ আল মুহান্না। তিনি ১৯৭৬ সালে সৌদি আরবের আল আহসায় জন্মগ্রহণ করেন। তার বাবা শায়খ সুলাইমান ইবনে আব্দুল্লাহও স্বনামখ্যাত একজন আলেম এবং রিয়াদের পাবলিক কোর্টের বিচারক ছিলেন।
ড. আল মুহান্না কোরআনের হাফেজ। শৈশবেই তিনি পবিত্র কোরআন হিফজ করেছেন। ১৯৯৭ সালে ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগ থেকে অনার্স করেন। ২০০৩ সালে মাস্টার্স করেন। ২০০৯ সালে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি শায়খ আব্দুল্লাহ বিন বাজ (রহ.) ও শায়খ আব্দুল্লাহ বিন আকিলের (রহ.) সরাসরি ছাত্র।
ড. খালিদ আল মুহান্না অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগের প্রভাষক নিযুক্ত হন। ২০০৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক হন।
২০১৫ ও ২০১৬ সালে রমজানের জন্য তিনি মসজিদে নববীর ইমাম নিযুক্ত হন। আজ তিনি মসজিদে নববিতে খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন






