আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে ১ দশমিক ৩ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের নতুন সহায়তা প্যাকেজ দিয়েছে জার্মানি। রোববার (৪ অক্টোবর) জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আনাদোলুর
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, নতুন সহায়তা প্যাকেজে অস্ত্রের পাশাপাশি শীতের আগে ইউক্রেনের জ্বালানি খাতের জন্য সহায়তাও রয়েছে।
তিনি বলেন, ‘এতে এমন অস্ত্র রয়েছে, যা এখন আমাদের প্রয়োজন। পাশাপাশি শীতের আগে জ্বালানি খাতের জন্যও গুরুত্বপূর্ণ সহায়তা রয়েছে। অবশ্যই আমরা আকাশ প্রতিরক্ষার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছি, যা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
জেলেনস্কি জানান, ইউক্রেন ও জার্মানি ১৫টি চুক্তি ও নথিতে সই করেছে। এর বেশিরভাগই নিরাপত্তা সহযোগিতা, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, সরঞ্জাম কেনা, জার্মান শিল্পপ্রতিষ্ঠানের জন্য অর্ডার এবং ইউক্রেনে যৌথ প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত।
তিনি বলেন, ‘আজ আমাদের করা চুক্তিগুলোর মোট মূল্য ৮ দশমিক ৫ বিলিয়ন ইউরোর বেশি।’
এ ছাড়া ড্রোন মোকাবিলায় যৌথ কার্যক্রম আরও বাড়াতে আলাদা একটি চুক্তি করা হবে বলেও জানান জেলেনস্কি।
রোববার সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। সেখানে যাওয়ার আগে তিনি বলেন, তার বার্তা স্পষ্ট—‘আপনারা আমাদের ওপর নির্ভর করতে পারেন।’






