নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাংকিংয়ে অবস্থান উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ, কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক ডকুমেন্টেশনের ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তর কর্তৃক আয়োজিত ‘Beyond Reputation: The Strategic Positioning of Comilla University on the Global Ranking Landscape’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, র্যাংকিং উন্নয়ন কোনো একক ব্যক্তি বা কমিটির কাজ নয়; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখতে হবে। গবেষণা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, আন্তর্জাতিকীকরণ, গ্রিন ক্যাম্পাস ও অবকাঠামোগত উন্নয়নসহ চলমান কার্যক্রমগুলো যথাযথভাবে নথিবদ্ধ করার ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, বর্তমান সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করাই প্রশাসনের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ কাউছার আহম্মেদ পাটোয়ারী। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক এবং র্যাংকিং এন্ড স্ট্র্যাটিজিক ডেভেলপম্যান্ট সেলের অতিরিক্ত পরিচালক ড. ফাহাদ হুসাইন।






