45427

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ‘হিন্দু’ হিসেবে রামকথা শুনলেন কেমব্রিজে, বললেন, রামই অনুপ্রেরণা

আন্তর্জাতিক ডেস্ক: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বসে ‘রামকথা’ শুনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। সেই সঙ্গে মনে করিয়ে দিলেন, প্রধানমন্ত্রী হিসাবে নয়, বরং একজন হিন্দু হিসাবে তিনি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ওই অনুষ্ঠানে তিনি আরও জানালেন, শ্রী রাম তাঁর অনুপ্রেরণা।

১৫ অগস্ট কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্বরে আয়োজিত ওই বিশেষ অনুষ্ঠানে ঋষি সুনক জানান, তিনি যেমন ব্রিটিশ হিসেবে গর্বিত, তেমনই হিন্দু হিসেবেও গর্বিত। সেইসঙ্গে ছোটবেলার স্মৃতিও ভাগ করে নেন তিনি। জানান, সাউথ হ্যাম্পটনে থাকাকালীন তিনি প্রায়ই ভাইবোনেদের সঙ্গে এলাকার মন্দিরগুলিতে যেতেন।

ads

ঋষি সুনকের এই রামকথায় যোগদানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা দেখে প্রশংসায় মেতেছে সোশ্যাল মিডিয়ার বড় অংশ। অনেকেই বলছেন, জন্ম, বেড়ে ওঠা বিদেশের মাটিতে হলেও শিকড়কে ভোলেননি সুনক। ভিডিওয় সুনককে ‘জয় সিয়া রাম’ ধ্বনি দিতেও শোনা যায়। হনুমানজির ছবি দেখে তাতে প্রণামও করে ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ঋষি সুনক বলেন, ‘বাপুর পিছনে ঠিক যেমনভাবে সোনালি রঙের হনুমানজি রয়েছেন, ১০ ডাউনিং স্ট্রিটে আমার ডেস্কেও রয়েছে সোনালি রঙের গণেশ।’ তিনি আরও জানান, ধর্মের উপর বিশ্বাস তাঁর কাছে অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয় এবং ধর্ম তাঁকে পথ দেখায়। তাঁর কথায়, ‘ভারতের স্বাধীনতা দিবসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মোরারি বাপুর রাম কথা শুনতে পেরে আমি অত্যন্ত খুশি ও গর্বিত। আজ আমি এখানে প্রধানমন্ত্রী নয়, হিন্দু হিসেবে এসেছি।’

ads

এর পরে বিদায়ী সম্ভাষণে প্রধানমন্ত্রী সুনক আরও বলেন, ‘এখান থেকে রামায়ণ, ভগবত গীতা ও হনুমান চালিশার পাঠ স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি আমি। শ্রী রাম আমার কাছে অনুপ্রেরণা, যিনি দেখিয়েছেন কীভাবে সাহসের সঙ্গে লড়তে হয় যে কোনও বাধার মুখে, কীভাবে ছড়াতে হয় মানবতার নজির, কীভাবে নিঃস্বার্থ হয়ে কাজ করতে হয় মানুষের জন্য।’

ad

পাঠকের মতামত