গাজা ইস্যুতে মুসলিম দেশগুলোর সম্মেলনের ডাক সৌদির
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনার জন্য আরব ও ইসলামি দেশগুলোর শীর্ষ সম্মেলন আয়োজন করবে সৌদি আরব। আজ বুধবার দেশটির বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের সম্মেলনে দেশের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন সৌদি বিনিয়োগমন্ত্রী। সেই সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে আরব-ইসলামিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। আরব অঞ্চল ও মুসলিম বিশ্বের সব দেশকে সেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।’
খালিদ আল ফালিহ আরও বলেন, ‘সৌদি আরব ও ইসলামি বিশ্বের অন্তর্ভুক্ত সব দেশ, আমরা সবাই চাই গাজা উপত্যকায় চলমান সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান আসুক। কীভাবে সেই সমাধান আসতে পারে, সে সংক্রান্ত আলোচনা হবে সম্মেলনের মূল এজেন্ডা। আশা করছি, যে উদ্দেশে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে, তা সফল হবে।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ১ হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়। এরপর থেকে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ দিনের যুদ্ধে গাজায় ১০ হাজার ৩০০ জনের বেশি ফিলিন্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শিশু নিহত হয়েছে ৪ হাজারের বেশি।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটির ভেতরে ঢুকে পড়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনারা বলছে, তাদের পরবর্তী লক্ষ্য, হামাস যোদ্ধাদের বিশাল টানেল নেটওয়ার্ক খুঁজে বের করে হামলা চালানো।











