নিউজ ডেস্ক: মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, নিরাপত্তা জোরদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পূর্ব ধনমুড়ী মডেল কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হয়।
যৌথ অভিযানের অংশ হিসেবে হাইওয়ে পুলিশ কাগজপত্রবিহীন একটি পিকআপ ও একটি ডাম্পার আটক করে। এছাড়া একটি ট্রাককে মেয়াদোত্তীর্ণ নথির জন্য জরিমানা করা হয়। তবে সেনাবাহিনী কোনো যানবাহন আটক করেনি।
এর আগে শনিবার ভোরে ওই এলাকায় একদল দুর্বৃত্ত একটি প্রাইভেটকার মহাসড়কের পূর্ব পাশে ফেলে দিয়ে যাত্রীদের উপর হামলা চালায় এবং স্বর্ণালংকার, নগদ অর্থ এবং মোবাইল ফোন লুট নিয়ে যায় । এ ঘটনার পর রোববার ভোর থেকে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ দ্রুত সমন্বিত অভিযান পরিচালনা শুরু করে।
নিরাপত্তা বাহিনীর এই উদ্যোগে সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছে। তারা আশা করছেন, এ ধরনের যৌথ কার্যক্রম অব্যাহত থাকলে সড়কে অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে।
চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, চৌদ্দগ্রামের ৪৫ কিলোমিটার মহাসড়কে চুরি ডাকাতি ছিনতাই যেন না হয়, সেজন্য মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। দেশের জনগণ এই মহাসড়ক দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।






