আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই ৭ বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এটি হবে তার প্রথম চীন সফর। শেষবার ২০১৯ সালে চীন সফর করেছিলেন মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত ‘সাংহাই সহযোগিতা সংস্থার’ (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটি সফর করবেন মোদি।
প্রতিবেদনে বলা হয়, এসসিওভুক্ত সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং বাণিজ্য বৃদ্ধির প্রচেষ্টা অন্তর্ভুক্ত থাকবে ভারতের প্রধান মন্ত্রীর এই সফরে।
অন্যদিকে ভারত-চীন সম্পর্কে স্থিতিশীলতা এবং সংলাপ পুনরুদ্ধারের প্রচেষ্টা করবেন মোদি। এরই অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার একটি অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে মোদি এবং শি জিনপিং দেখা করেছিলেন, যা দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমাতে সাহায্য করে।
এনডিটিভি আরও জানিয়েছে, এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে।






