বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র সুরক্ষিত রাখা হবে
নিউজ ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এর নামে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করা হচ্ছে। দেশের মানুষ বিলম্বিত নয়, ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চায়। নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র সুরক্ষিত রাখা হবে।
গতকাল কুমিল্লার লাকসাম পৌর অডিটরিয়ামে লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুপুর ১২টার পর মনোহরগঞ্জের সম্মেলনে উপজেলা সভাপতি ইলিয়াছ পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সমঝোতায় পৌঁছাতে না পারায় লাকসাম পৌরসভা সম্মেলন স্থগিত করা হয়।
সামেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন।
এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য সৈয়দ জাহাঙ্গির আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলম হেনা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান, সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ (ওয়াসিম), কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তফা জামান, কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন প্রমুখ।











