নেতানিয়াহুর সঙ্গে আবারও ফোনে কথা বললেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আবারও ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বার ফোনালাপ তাদের। এবারের আলোচনার বিষয় ছিল, নয়াদিল্লি-তেল আবিব দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব।
বুধবার মোদি নিজেই নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ পোস্টে মোদি বুধবার লিখেছেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে পেরে এবং তাকে ও ইসরায়েলের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। আমরা আগামী বছরে ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও সুসংবদ্ধ করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আমরা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছি এবং আরও দৃঢ়তার সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের যৌথ সংকল্প পুনর্ব্যক্ত করেছি। ”
এর আগে গত ১০ ডিসেম্বর মোদিকে ফোন করেছিলেন নেতানিয়াহু।
সেদিন দুই রাষ্ট্রনেতার আলোচনার কেন্দ্রে ছিল গাজা পরিস্থিতি।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চালায় ইসরায়েল। এই আগ্রাসনের নির্দেশ দেওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলেছিলেন নেতানিয়াহু।
চলতি বছরের জুনে ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণুকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলার ‘ব্যাখ্যা’ এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মোদিকে অবহিত করতে ফোন করেছিলেন নেতানিয়াহু।
সূত্র: এএনআই, পিটিআই, টাইমস অব ইন্ডিয়া










