নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাইবার অপরাধের আধিক্য পরিলক্ষিত হচ্ছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ থেকে পরিত্রাণের লক্ষ্যে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (৪ এপ্রিল) বিকেলে ভারতের নয়াদিল্লিতে আয়োজিত সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিকস বিষয়ক দ্বিতীয় জাতীয় কনফারেন্সে বক্তব্য প্রদানকালে তিনি এ গুরুত্বারোপ করেন। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এ কনফারেন্সের আয়োজন করে।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।
কনফারেন্সে আইজিপি ‘স্ট্রেনদেনি়ং ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর কমবেটিং সাইবার ক্রাইম’ বিষয়ে বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে সাইবার অপরাধ কীভাবে আঞ্চলিক থেকে ব্যক্তি পর্যায়ে প্রভাবিত করে- এর পটভূমি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এসময় আইজিপি সাইবার অপরাধ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
নয়াদিল্লিতে আয়োজিত এ কনফারেন্সে ইন্টারপোলের প্রতিনিধি, জাপান, অস্ট্রেলিয়া ও মালদ্বীপের পুলিশ প্রতিনিধিসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।






