বিশ্বকাপের স্টেডিয়ামে ৫ ধরনের বস্তু নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ফিফার
স্পোর্টস ডেস্ক: জুন মাস শুরু হওয়ার সঙ্গেই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের মাসে পা রাখল ফুটবলবিশ্ব। ‘গেটেস্ট শো অন আর্থের’ এবারের সংস্করণ শুরু হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। আগামী ১১ জুন ৪৮ দলের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা।
আগামী দুই মাস জুড়ে বিশ্বকাপের রোমাঞ্চকর সব ম্যাচ উপভোগ করতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার স্টেডিয়ামগুলোতে লাখ লাখ ফুটবলপ্রেমীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। তবে গ্যালারিতে বসে খেলা দেখার আগে দর্শকদের অবশ্যই জেনে রাখা উচিত, বিশেষ পাঁচটি পরিচিত জিনিস স্টেডিয়ামের ভেতরে নিয়ে যাওয়ার ওপর ‘নিষেধাজ্ঞা’ আরোপ করা হয়েছে।
১. ভ্যাপ এবং ই-সিগারেট : বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে ভ্যাপ বা ই-সিগারেটের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে বিশ্বকাপের কোনো স্টেডিয়ামের ভেতরেই এগুলো নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হবে না। এমনকি মেক্সিকোর ক্ষেত্রে এটি একটি ফৌজদারি অপরাধ বা ক্রাইম হিসেবে গণ্য হবে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর দর্শকদের সতর্ক করে বলেছে, ‘মেক্সিকোতে ই-সিগারেট এবং ভ্যাপিংয়ের তরল বহন করা সম্পূর্ণ অবৈধ। বিমানবন্দর বা বর্ডারে অযথা দেরি, জরিমানা কিংবা আইনি ঝামেলা এড়াতে এগুলো সঙ্গে রাখবেন না। কাস্টমস কর্তৃপক্ষ যেকোনো ভ্যাপিং ডিভাইস এবং এর তরল পেলেই তা বাজেয়াপ্ত করবে।’
২. যেকোনো সাধারণ ব্যাগ বা ব্যাকপ্যাক: বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর ভেতরে কোনো বড় বা সাধারণ ব্যাগ নিয়ে ঢোকা যাবে না; শুধুমাত্র নির্দিষ্ট সাইজের ছোট এবং স্বচ্ছ ব্যাগ নিয়ে প্রবেশের অনুমতি মিলবে। নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ ১১ বাই ১১ ইঞ্চির ওয়ান-গ্যালন ফ্রিজার ব্যাগ কিংবা সর্বোচ্চ ১২ বাই ১২ বাই ৬ ইঞ্চির স্বচ্ছ পিভিসি ব্যাগ নিয়ে ঢোকা যাবে। আর যারা স্বচ্ছ ব্যাগ আনবেন না, তারা সর্বোচ্চ ৬.৫ বাই ৪.৫ ইঞ্চির ছোট ওয়ালেট বা মানিব্যাগ সঙ্গে রাখতে পারবেন।
৩. বাইরের খাবার বা পানীয় : যারা নিজেদের পছন্দের খাবার বা পানীয় সাথে নিয়ে স্টেডিয়ামে ঢুকতে চাচ্ছিলেন, তাদের জন্য দুঃসংবাদ। গ্যালারিতে বাইরের কোনো খাবার বা ড্রিংকস সম্পূর্ণ নিষিদ্ধ। দর্শকদের জন্য শুধু সর্বোচ্চ ২০ আউন্স (প্রায় ৬০০ মিলি) ওজনের একটি পানির বোতল সঙ্গে রাখার অনুমতি দেওয়া হবে। তবে চিন্তার কিছু নেই, খেলা চলাকালীন তৃষ্ণা মেটাতে স্টেডিয়ামের ভেতরেই পর্যাপ্ত ‘ওয়াটার রিফিল স্টেশন’ বা পানি পানের ব্যবস্থা থাকবে।
৪. ছাতা বা সিট কুশন : রোদ-বৃষ্টি থেকে বাঁচতে ছাতা কিংবা বসার আরামের জন্য সিট কুশন ও ফোল্ডিং চেয়ার (ভাজ করা চেয়ার) সঙ্গে নিয়ে এলে তা গেটেই বাজেয়াপ্ত করা হবে। এগুলো ভেতরে নেওয়ার কোনো সুযোগ নেই। গরমের দিনে কড়া রোদ থেকে বাঁচতে দর্শকদের ছাতার বদলে সানস্ক্রিন ব্যবহার করার এবং মাথায় ক্যাপ বা হ্যাট পরার পরামর্শ দেওয়া হয়েছে।
৫. কান ঝালাপালা করা ভুভুজেলা বা শব্দদূষণকারী যন্ত্র: স্টেডিয়ামের ভেতর মাত্রাতিরিক্ত আওয়াজ তৈরি করে এমন যেকোনো যন্ত্র নিষিদ্ধ করেছে ফিফা। এই তালিকায় আছে ভুভুজেলা, এয়ার হর্ন এবং মেগাফোন বা বুলহর্ন; এগুলো সঙ্গে আনলে গেটেই কেড়ে নেওয়া হবে। ফিফা অবশ্য দর্শকদের উল্লাস করতে বা আওয়াজ তুলতে নিষেধ করছে না, তবে তা করতে হবে স্রেফ নিজেদের গলা ফাটিয়ে, কোনো কৃত্রিম যন্ত্র দিয়ে নয়।











