স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা ক্লাব বিশ্বকাপের মতোই বিশ্বকাপ ফাইনালেও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় তিনি মাঠে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফাইনাল উপভোগ করা হবে এবং যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।
এক সাক্ষাৎকারে ইনফ্যান্তিনো বলেন, প্রেসিডেন্টের সঙ্গে আমরা ফাইনাল উপভোগ করব এবং একসঙ্গে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেব। আমরা সবসময়ই একসঙ্গে কাজ করছি।
এ সংক্রান্ত বক্তব্যটি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প।
২০২৬ বিশ্বকাপের ফাইনাল আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপ ফাইনালে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে আগে কিছু অনিশ্চয়তা থাকলেও এবার তা নিশ্চিত হলো। ট্রাম্প বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অংশ নিলেও এবারের বিশ্বকাপে এখনো কোনো ম্যাচে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ও পিএসজির ম্যাচ শেষে ট্রফি প্রদান মঞ্চে ট্রাম্প ও ইনফ্যান্তিনো একসঙ্গে উপস্থিত ছিলেন।






