কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ী ও মোবাইল ডিসপ্লে জব্দ
নিউজ ডেস্ক: কুমিল্লার সীমান্তবর্তী চৌয়ারা ও বেতিয়ারা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
আজ রবিবার দুপুরে ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি’র বিশেষ টহলদল এবং ভোর সাড়ে ৫টায় ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার ও উত্তর বেতীয়ারা নামক স্থানে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় শাড়ী এবং মোবাইল ডিসপ্লে উদ্বার করে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি পনেরো লক্ষ টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা এসব মালামাল শিগগিরই কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।










