কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেপ্তার
নিউজ ডেস্ক: কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১২ বোতল স্কাফ সিরাপ ও ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহানাজ বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১ আগস্ট) র্যাব-১১ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৩১ জুলাই সকালে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে শাহানাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ২৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১২ বোতল স্কাফ সিরাপ এবং ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার শাহানাজ বেগম কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের বাসিন্দা এবং সবুজ মিয়ার স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, স্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন বলে তথ্য দিয়েছেন।
র্যাব-১১ আরও জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









