65883

সৌদি আরবে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য একটি প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে গাইডেড বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদন দেয়। সংবাদমাধ্যম এনডিটিভি ও এএনআই তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ads

খবরে বলা হয়, চলতি বছরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব একাধিকবার হামলার মুখে পড়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এই বিক্রির মাধ্যমে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে, যা বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করবে এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় আরও উন্নত করবে।

ads

বিবৃতিতে আরও বলা হয়, এই চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে, কারণ এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র দেশের নিরাপত্তা সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে সৌদি আরব ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

এদিকে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য এখনও আইনপ্রণেতাদের সম্মতি প্রয়োজন।

সূত্র: এনডিটিভি, এএনআই

ad

পাঠকের মতামত