65905

শ্রম ও জনশক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত-সৌদি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: শ্রম ও জনশক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করলেন ভারত ও সৌদি আরব। রবিবার সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী আহমদ বিন সুলেমান আলরাজহির সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

বৈঠকের পর সমাজমাধ্যমে কীর্তি বর্ধন সিং জানান, সৌদি মন্ত্রীর সঙ্গে ভারত-সৌদি কৌশলগত অংশীদারিত্বের ক্রমবর্ধমান গতি ও গভীরতার প্রতিফলন ঘটিয়ে শ্রম ও জনশক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সৌদি মন্ত্রীর আমন্ত্রণ ও উষ্ণ আতিথেয়তার জন্যও তিনি কৃতজ্ঞতা জানান।

ads

এটি কীর্তি বর্ধন সিংয়ের প্রথম সরকারি সৌদি আরব সফর। শনিবার তিনি রিয়াদে পৌঁছন। সেখানে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক আল হামাদ তাকে স্বাগত জানান।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে কীর্তি বর্ধন সিং সৌদি আরবের বিদেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী, পরিবেশ, জল ও কৃষি মন্ত্রকের উপমন্ত্রী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন।

ads

সফরকালে সৌদি আরবে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের বিভিন্ন অংশের পাশাপাশি ভারতীয় ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও পেশাদারদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতীয় শ্রমিকদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হবে। বিদেশে কর্মরত ভারতীয় শ্রমিকদের কল্যাণের প্রতি ভারত সরকারের অটুট প্রতিশ্রুতিরই প্রতিফলন এই উদ্যোগে।

মানবসম্পদ, দক্ষতা উন্নয়ন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক বিষয়-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে আলোচনা ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ করে দেবে এই সফর। পাশাপাশি ভারত ও সৌদি আরবের বহুমুখী কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।

ad

পাঠকের মতামত